সুখ পাইনি তাতে কী
ইব্রাহীম খলিল
সুখ পাইনি তাতে কী! তিক্ত আচরণে অতিষ্ট জীবন
দুঃখের অনলে পোড়ে।
দাম্পত্য জীবনের শুরুতে ভেবেছি-
ভালোবাসার স্বর্গ ভূমিতে আগমন ঘটেছে।
একাকীত্বের অবসান কাটিয়ে জীবন রাঙাবো এবার
স্বপ্ন-আশার রঙিন তুলিতে।
ভাবনা সফল হয়নি আমার বাস্তবতার করুণ চিত্রে-
সুখের ঠিকানা পাইনি যুগান্তরে।
সে সুখী তার আত্মীয়-পরিজন নিয়ে;
অভিমানে বহুদূর দুঃখ আমায় দিয়ে।
সুখ কী তবে কল্পনার নীলাকাশ?
নিয়তির নির্মম পরিহাসে স্বামীহারা অপর্ণা,
প্রকৃতির সাজে হৃদয় সাজিয়ে হাতে হাত রেখে-
সুখ স্বর্গের অন্দরে প্রবেশ করার ইচ্ছে পোষণ করে।
সময়ের কালক্ষেপণে স্বস্তির আশায়
অবুঝ মনের সান্ত্বনা খুঁজি সেই প্রেয়সীর মনে।
দোষ ছিল না জানি পথ চলাতে-
ছলনার ফাঁদ পেতে সুখের হাসি হেসে
সেও চলে যায় বহুদূর!
বিরহ অনলে যন্ত্রণার পাহাড় গড়ে বুকে-
অতৃপ্তির কালোছায়া ভর করে জীবনতরীতে।
সুখ কী তবে কল্পনার মায়াজাল?
ক্লান্ত মনে স্বস্তির সন্ধানী প্রিয়দর্শিনীর পুনঃ আগমন
অশান্তির ছায়া মুছে দেওয়ার তাগিদে-
এতোটুকু স্বপ্ন দেখায়!
এখানেও দেখি-
দুঃখের ভেলা ভাসিয়ে সুখের স্বপ্ন আঁকা মন
কল্পনার বাতায়নে পত্র লিখে রোজ।
সুখ পাইনি তাতে কী! দুঃখের সাথে নিত্য আলিঙ্গনে
দুঃখভরা জীবন গল্পে পড়েছি-
সময়ের দ্বারপ্রান্তে সুখের অভিনয় শুধু মানুষই করে।

No comments:
Post a Comment