অটো পাশের সার্টিফিকেট
মোঃ হাফিজুর রহমান
বছরখানেক হয়ে গেল
শিক্ষালয়ে তালা,
শিক্ষা ছাড়া বসে আছি
হয়ে বোবা-কালা।
লেখাপড়া ধ্বংস হলো
অলস হলাম সবে,
ভাবছি বসে বিদ্যালয়টা
খুলে দেবে কবে।
পাবজিতে আর ফ্রী ফায়ারে
সময় এখন কাটে,
ভুলেও কভু কোনদিনও
মন বসে না পাঠে।
সবই যখন চলছে দেশে
চুপটি কেন থাকো,
বিদ্যালয়ের খুলে তালা
শিক্ষা ধরে রাখো।
ইস্কুল-কলেজ খুলে দাও আজ
চাই বিদ্যালয় যেতে,
অটো পাশের সার্টিফিকেট
চাইনা মোরা পেতে।
___________________________________
তারিখঃ ২৯/০৫/২০২১
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২

No comments:
Post a Comment